ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত ও শাহবাগ ফুল বাজারে জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার (১০ই ফেব্রুয়ারি) সকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।
ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ২২শে জানুয়ারি শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে যে ‘আজাদী যাত্রা’ শুরু করেছিলেন, আজ তার সার্থক সমাপ্তি ঘটল সকালে ফজরের নামাজের পর শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত এবং শাহবাগ ফুল মার্কেটে জনসংযোগের মাধ্যমে।
ওই পোস্টে আরও বলা হয়, আজাদী যাত্রা থেকে শুরু করে নির্বাচনী প্রচারণার পুরোটা পথ ছিল জনতার ভালোবাসায় মোড়ানো। প্রারম্ভের দিনে নাসীরুদ্দীন পাটওয়ারী যে শপথ নিয়েছিলেন, প্রচারণার শেষদিনেও ছিল সেই একই সংকল্প— ‘দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত নিরাপদ ঢাকা-৮ প্রতিষ্ঠা করা’।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচন মানে কেবল ভোটের লড়াই নয়, এ নির্বাচন আপনার-আমার অধিকার আদায়ের অঙ্গীকার। প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকা-৮ সহ পুরো দেশের জনগণ যেভাবে দোয়া, সমর্থন ও ভালোবাসা দিয়েছেন— সে কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভোটের ব্যালটেও জারি থাকুক ইনসাফ ও আজাদীর পক্ষে আপনাদের এ সমর্থন। সকল জঞ্জাল ছিন্ন করে ঢাকা-৮ এ প্রস্ফুটিত হোক শাপলা কলি।’
আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচন সামনে রেখে গত ২২শে জানুয়ারি শুরু হয় প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে এই প্রচারণা শেষ করার বিধান রয়েছে। সে হিসেবে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার বন্ধের শেষ সময় ছিল আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা।
জে.এস/
খবরটি শেয়ার করুন