ছবি: সংগৃহীত
আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অপরাধ দমনে সামরিক ও ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১১ই আগস্ট) এ সিদ্ধান্ত নেন তিনি। খবর এএফপির।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওয়াশিংটন শহরের পুলিশকে তিনি ফেডারেল সরকারের অধীনে আনবেন। একই সঙ্গে রাজধানী শহরটিতে ন্যাশনাল গার্ড সদস্যদের পাঠাবেন।
আমেরিকার রিপাবলিকান রাজনীতিকদের অভিযোগ, ওয়াশিংটন অপরাধে জর্জরিত হয়ে পড়েছে। শহরটি গৃহহীন মানুষের চাপে বিপর্যস্ত। একই সঙ্গে অর্থনৈতিকভাবে অব্যবস্থাপনায় ধুঁকছে।
আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘এটি ওয়াশিংটন ডিসির স্বাধীনতা দিবস। আমরা আমাদের রাজধানীকে ফিরিয়ে আনতে যাচ্ছি।’ ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, সাত লাখ বাসিন্দার ওয়াশিংটন শহরে ন্যাশনাল গার্ডের ৮০০ সদস্য মোতায়েন করা হবে। প্রয়োজন পড়লে এই সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।
ট্রাম্প যখন হোয়াইট হাউসে কথা বলছিলেন, তখন ভবনটির বাইরে জড়ো হয়েছিলেন বেশ কয়েক ডজন মানুষ। তাদের একজন ৬২ বছর বয়সী এলিজাবেথ ক্রিচলে। তিনি বলেন, ‘এখানে ন্যাশনাল গার্ডের একেবারেই প্রয়োজন নেই। এসব লোকদেখানো। নাটকের বড় মঞ্চ তৈরি করা হয়েছে।’
জে.এস/
খবরটি শেয়ার করুন