বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ব্রাসেলসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ব্রাসেলসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশ নিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা আটটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে অবতরণ করে। এসময় বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠেয় এই ফোরামে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী।

সফরে প্রধানমন্ত্রী ফোরামে যোগ দেয়ার ফাঁকে ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।

সফর সূচি অনুযায়ী, ২৫ অক্টোবর সকালে ইসি’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে ইসি প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।

দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫ কোটি ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হবে।

ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে সাড়ে ৪ কোটি ইউরোর একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হবে।

এছাড়া, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশনের মধ্যে একটি ১ কোটি ২০ লাখ ইউরো অনুদান চুক্তিও স্বাক্ষরিত হবে।

এই সফরে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশন বাংলাদেশের সামাজিক খাতে ৭ কোটি ইউরোর পাঁচটি বিভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করবে।

একই দিন শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের প্লেনারী সেশনে যোগদান ও ভাষণ দেবেন।

বিকেলে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ইসি কমিশনার জেনেজ লেনারসিক এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক ইসি কমিশনার জুটা উরপিলাইনেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে উরসুলা ভন ডের লেইনের দেওয়া নৈশভোজে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

একই দিন বিকেলে শেখ হাসিনা বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন।

টিভি চ্যানেল ইউরোনিউজ এবং পলিটিকো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেবে।

আগামী ২৭ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

ওআ/

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250