বাংলাদেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় তাদের বৈশ্বিক ব্যবসা সম্প্রসারণ করেছে। দেশটিতে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে ‘আসর আল টেকনিয়া’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় লিবিয়ার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য বিপণন ও বিক্রয় করবে আসর আল টেকনিয়া।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মো. জিয়াউল আলম এবং আসর আল টেকনিয়ার ব্যবস্থাপনা পরিচালক আল সাদিক আল তাহির আল সগীর কারাহ।
ওয়ালটনের বৈশ্বিক ব্যবসা বিভাগের প্রধান আব্দুর রউফ বলেন, উদ্ভাবনী প্রযুক্তি, আধুনিক নকশা, উচ্চমান, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্যের কারণে আন্তর্জাতিক বাজারে ওয়ালটন দ্রুত ক্রেতাদের আস্থা অর্জন করছে। বর্তমানে বিশ্বের ৫৫টি দেশে ওয়ালটনের ব্র্যান্ড ব্যবসা বিস্তৃত হয়েছে। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে লিবিয়া।
তিনি জানান, চলতি বছরই দুই দফায় লিবিয়ার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, টেলিভিশন ও ওয়াশিং মেশিন রপ্তানি করা হয়েছে। লিবিয়ায় ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে উত্তর আফ্রিকার অন্যান্য দেশের বাজারেও প্রবেশ আরও সহজ হবে বলে তারা আশা করছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদ, বৈশ্বিক ব্যবসা বিভাগের উপপ্রধান সাইয়েদ আল ইমরান, লিবিয়ার কান্ট্রি ম্যানেজার আব্দুল লতিফ প্রামাণিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবরটি শেয়ার করুন