ছবি: সংগৃহীত
আবারও হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত গান গাইলেন আতিয়া আনিসা। গত বৃহস্পতিবার (২১শে আগস্ট) হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘তোর আদরে’ শিরোনামের নতুন গানটি। অমিতা কর্মকারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ।
নতুন এই গান প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে তোর আদরে গানটি নিয়ে আমি খুব এক্সসাইটেড। তার সঙ্গে গাওয়া আগের গানগুলো যেভাবে দর্শক-শ্রোতার ভালোবাসা পেয়েছিল, আশা করছি নতুন গানটিও একই রকম ভালোবাসায় সিক্ত হবে।’
ইউটিউবের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও প্রকাশ পেয়েছে তোর আদরে গানটি।
হাবিব ওয়াহিদের সঙ্গে আতিয়া আনিসার প্রথম দ্বৈত গান প্রকাশ পেয়েছিল দুই বছর আগে ২০২৩ সালে। মারুশার লেখা ‘হোক বাড়াবাড়ি’ শিরোনামের গানটির সুর ও সংগীত আয়োজন করেছিলেন হাবিব। এরপর ‘কোন খেয়ালে’ ও ‘ঘোর কেটে যায়’ শিরোনামের আরও দুটি গান প্রকাশ পেয়েছিল এই জুটির।
চলতি মাসের প্রথমার্ধে হাবিব প্রকাশ করেছিলেন নিজের কণ্ঠের ‘জানি না’ গানটি। শ্রাবণের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ।
এদিকে প্রথমবারের মতো সংগীতসফরে আমেরিকা যাচ্ছেন আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তার। ২৬শে আগস্ট আমেরিকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
জে.এস/
খবরটি শেয়ার করুন