ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়তো শেষ নির্বাচন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (৪ঠা নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা লেখেন।
বিএনপির মহাসচিব পোস্টে লেখেন, ‘আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানেন না! আমি যখন ১৯৮৭ সালে সিদ্ধান্ত নিই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল। ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল। বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে।’
মির্জা ফখরুল আর লেখেন, ‘আমার মেয়ে দুটোর হাত ধরে সেই (স্ত্রী) নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পড়ে, আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারারাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে। যাতে মেয়ের পাশে থাকতে পারি। গল্পগুলো অন্য কোনো দিন বলব, যদি আল্লাহ চান। এ রকম গল্প আমাদের হাজার হাজার নেতাকর্মীর আছে। এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন।’
ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি খালেদা জিয়া, তারেক রহমান, এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা।’
যারা মনোনয়ন পাননি তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। আসুন সবাই একসাথে কাজ করি।’
মির্জা ফখরুল লিখেছেন, ‘আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দুআ করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব। বিএনপির সেই যোগ্যতা আছে, দেশকে মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। ইনশাআল্লাহ! আপনারা পাশে থাকবেন।’
খবরটি শেয়ার করুন