বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা এখন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর শাখা ও উপশাখার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে কমিউনিটি ব্যাংক এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সামসুল হক সুফিয়ানী এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উত্তরাঞ্চল আর্থিক তদারকি বিভাগের পরিচালক মো. মাসুদ পারভেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা কমিউনিটি ব্যাংকের দেশব্যাপী শাখা ও উপশাখার মাধ্যমে নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব মিলিয়া শারমিন, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. ইদ্রিস, সচিব শারমিন মাহমুদ, পরিচালক (অর্থ) মো. জিয়া উদ্দিন এবং পরিচালক (অর্থ) হিমেল পাল উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান ও শাখা ব্যবসা বিভাগের প্রধান ড. মো. আরিফুল ইসলাম, প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া, করপোরেট ব্যাংকিং বিভাগের ইউনিট প্রধান সুজাত হক, প্রধান আর্থিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম কাদির, বিকল্প ব্যাংকিং সেবা বিভাগের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালকের সমন্বয় দলের প্রধান মামুন উর রহমান, নগদ ব্যবস্থাপনা দলের তুহিনুল ইসলাম ও নিশিত কান্তি সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
খবরটি শেয়ার করুন