ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যজুড়ে বহুমুখী উত্তেজনার মধ্যে এবার ইরানের রাজধানী তেহরান সফরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। গতকাল মঙ্গলবার তিনি সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।
প্রতিবেদনে বলা হয়, এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি জানিয়েছিলেন, এই সফরের মূল লক্ষ্য হলো তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদার করা।
আসিম মুনিরের এই সফরের মাধ্যমে কোনো রাজনৈতিক বার্তা দেওয়া বা সামরিক হুমকি প্রদর্শনের সম্ভাবনা নিয়ে যে জল্পনা-কল্পনা চলছে, তার জবাবে বাঘেয়ি বলেন, দুই দেশের মধ্যে কিছু আলোচনার বিষয়বস্তু ভিন্ন হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই মূল মনোযোগ থাকে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর। এ ছাড়াও তিনি প্রতিবেশী দেশ দুটির মধ্যকার সম্পর্কের গুরুত্ব এবং সহযোগিতা সম্প্রসারণের প্রচেষ্টার ওপরও জোর দেন।
সৌদি জোট ও হুতি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক সংঘাতের পর, তাদের মধ্যকার উত্তেজনা কমানোর প্রচেষ্টায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান।
খবরটি শেয়ার করুন