মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বার্সার ম্যাচ দেখেননি, তবু রেফারিং নিয়ে খোঁচা মরিনহোর *** মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ *** মেসিবিহীন আর্জেন্টিনায় একের পর এক চোটের হানা *** যথাযথ মর্যাদা না দেওয়ায় শফিকুর রহমান জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে যাননি *** ভোট দেওয়া-না দেওয়া সবার সরকার হতে চাই: প্রধানমন্ত্রী *** ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা একদিনের রিমান্ডে *** পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার *** ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে জামায়াতের আমির—‘তিনি হয়তো ভালো নিয়তে করেছেন’ *** ইশরাক কাজটা ভালোই করেছে, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার *** একসঙ্গে করছিলেন ৫ চাকরি, ধরা পড়লেন যেভাবে

মেসিবিহীন আর্জেন্টিনায় একের পর এক চোটের হানা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

লিওনেল মেসিকে ছাড়া নতুন পথচলা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী মাসে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়া নতুন অধ্যায়। কিন্তু সেই যাত্রার আগেই বড় দুশ্চিন্তায় পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। একের পর এক চোটে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের হারাচ্ছেন তিনি।

এরই মধ্যে ছিটকে গেছেন লাউতারো মার্তিনেজ ও এমিলিয়ানো মার্তিনেজ। চোট পেয়েছেন রক্ষণভাগের দুই ভরসা ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজও। যদিও শেষ দুজনকে নভেম্বরের ম্যাচগুলোতে পাওয়ার আশা একেবারে শেষ হয়ে যায়নি।

আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর ১৭ নভেম্বর কর্দোবায় তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। দুটি ম্যাচের সূচিই নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায় আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন মেসি। ফলে তার অনুপস্থিতিতে নতুন দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন স্কালোনি। কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারের চোট সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি লাউতারোকে হারানো। ইন্টার মিলানের হয়ে খেলার সময় বাঁ ঊরুর পেছনের পেশিতে চোট পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরীক্ষায় পেশিতে টান ধরা পড়েছে। সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে তার। ফলে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তাকে পাওয়া যাবে না।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার আক্রমণভাগে লাউতারোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কথা ছিল। কিন্তু চোটের কারণে আপাতত সেই পরিকল্পনা বদলাতে হচ্ছে স্কালোনিকে। তার অনুপস্থিতিতে মূল স্ট্রাইকারের জায়গায় সুযোগ পেতে পারেন হোসে মানুয়েল লোপেস কিংবা সান্তিয়াগো কাস্ত্রো। অবশ্য স্কালোনি চাইলে অন্য কোনো ফরোয়ার্ডকেও দলে ডাকতে পারেন।

লাউতারোর পর আরেকটি বড় ধাক্কা গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজের চোট। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চেলসির ম্যাচে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি।

এভারটনের ডিফেন্ডার জারাদ ব্রান্থওয়েটের সঙ্গে মাথায় মাথায় সংঘর্ষে চোয়ালের হাড় ভেঙে যায় দিবুর। মাঠেই দীর্ঘ সময় চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে তাকে বাইরে নেওয়া হয়। পরে হাসপাতালে অস্ত্রোপচার করাতে হয় বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে।

তবে স্বস্তির বিষয়, মাথার সিটি স্ক্যানে গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। পিঠ ও ঘাড়ের পরীক্ষার ফলও ভালো এসেছে। অস্ত্রোপচারও সফল হয়েছে বলে জানিয়েছেন দিবু। হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দিয়ে আর্জেন্টাইন গোলরক্ষক লিখেছেন, 'কয়েক সপ্তাহের মধ্যেই ফিরে আসব।'

তবে মাঠে ফিরতে প্রায় দেড় মাস সময় লাগতে পারে তার। ফলে নভেম্বরের দুটি প্রীতি ম্যাচেই দিবুকে পাচ্ছে না আর্জেন্টিনা। তার অনুপস্থিতিতে গোলপোস্ট সামলানোর সুযোগ আসতে পারে জেরোনিমো রুলি, হুয়ান মুসো কিংবা সান্তিয়াগো বেলত্রানের সামনে। বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন ওয়াল্টার বেনিতেসও।

আর্জেন্টিনার রক্ষণভাগের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে। শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের ১-০ গোলের জয়ের ম্যাচে চোট পান ক্রিস্তিয়ান রোমেরো।

ম্যাচের দ্বিতীয়ার্ধে কুঁচকির কাছের পেশিতে অস্বস্তি অনুভব করে নিজেই বদলি হওয়ার অনুরোধ জানান এই ডিফেন্ডার। পরে পরীক্ষায় অ্যাডাক্টর পেশিতে হালকা চোট ধরা পড়ে। তবে চোট গুরুতর নয়। প্রায় ১০ থেকে ১২ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

ফলে চ্যাম্পিয়ন্স লিগে স্টুটগার্ট এবং লা লিগায় দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে আতলেতিকোর ম্যাচে খেলতে পারবেন না রোমেরো। আগামী ৩১ অক্টোবর লেভান্তের বিপক্ষে তাকে ফেরানোর পরিকল্পনা রয়েছে মাদ্রিদের ক্লাবটির। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগেই ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠবেন তিনি।

অন্যদিকে রোমেরোর রক্ষণসঙ্গী লিসান্দ্রো মার্তিনেজকে নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। রোববার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে প্রথমার্ধের পর আর মাঠে নামেননি তিনি।

ঊরুতে অস্বস্তির কারণে তাকে তুলে নেওয়া হয়। তবে প্রাথমিকভাবে চোটটি গুরুতর মনে হচ্ছে না। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোমোর বিপক্ষে ম্যাচেই তাকে পাওয়ার আশা করছে ইউনাইটেড। সেক্ষেত্রে আর্জেন্টিনার নভেম্বরের প্রীতি ম্যাচগুলোতেও খেলতে সমস্যা হওয়ার কথা নয়।

আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250