ছবি: সংগৃহীত
পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান অভিনীত ‘কর্তব্য’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া এ সিনেমাটির এক অভিনেতা সবার নজর কেড়ে নিয়েছেন। ১৪ বছরের এক কিশোরের চরিত্রে অভিনয় করা হরপাল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জনপ্রিয়তার নিরিখে আইএমডিবি সাপ্তাহিকভাবে অভিনেতা-অভিনেত্রীদের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় সাধারণত শীর্ষে থাকেন বলিউড বাদশাহ শাহরুখ খান, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বা রণবীর সিংয়ের মতো তারকারা। কিন্তু হরিয়ানার ৩৩ বছর বয়সী অভিনেতা যুধবীর আহলাওয়াত এখন সেই তালিকার শীর্ষে। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগেও তাকে নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না।
‘কর্তব্য’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে সেই কিশোর চরিত্রটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। মাঝারি গড়নের, ফর্সা, ছোট চুলের এবং সামনের দাঁত কিছুটা উঁচু—এমন এক কিশোরের চরিত্রে দেখা যায় তাকে। সিনেমার গল্পে একজনের নির্দেশে সে এক সাংবাদিককে হত্যা করতে বাধ্য হয়। পুরো সিনেমার একটি বড় অংশজুড়েই রয়েছে এই চরিত্রটি। তবে বাস্তবজীবনে তার বয়স ১৪ নয়; বরং তিনি ৩৩ বছর বয়সী একজন অভিনেতা, যার নাম যুধবীর আহলাওয়াত।
যুধবীর হরিয়ানার বাসিন্দা। হিন্দি সিনেমায় তার আত্মপ্রকাশ ঘটে ২০১৯ সালে ‘সান্ড কি আঁখ’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর তিনি ‘লাভ হোস্টেল’ এবং ‘কো-এড’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। পর্দায় তাকে বেশ তরুণ মনে হলেও বিভিন্ন সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, তিনি নাবালক নন।
হরিয়ানার ঝাঁজর জেলায় থাকেন তিনি। তার বাবা ছিলেন বিএসএফের একজন জওয়ান। যুধবীরের এক ভাইও রয়েছেন। পরিবারের অন্য সদস্যদের উচ্চতা ও শারীরিক গঠন স্বাভাবিক হলেও যুধবীরের ক্ষেত্রে তা কিছুটা ভিন্ন। ফলে বয়সের তুলনায় তাকে অনেক কম বয়সী মনে হয়।
আইএমডিবি প্রতি সপ্তাহে বিশ্বব্যাপী ৩০ জন ‘ট্রেন্ডিং’ ভারতীয় তারকার একটি তালিকা প্রকাশ করে। অভিনেতা, পরিচালক, লেখক ও চিত্রগ্রাহকদেরও সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রোফাইল কতবার ভিজিট করা হয়েছে, তার ভিত্তিতেই তালিকাটি তৈরি করা হয়।
চলতি সপ্তাহে কান চলচ্চিত্র উৎসবের কারণে ঐশ্বরিয়া রাই রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছেন দক্ষিণী সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। যদিও তিনি অনেক আগেই অভিনয় ছেড়েছেন, তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আবারও আলোচনায় উঠে এসেছেন।
জুনিয়র এনটিআর রয়েছেন ২৪তম স্থানে। শাহরুখ খান তারও পরের অবস্থানে। আর এ মুহূর্তে তালিকার শীর্ষে রয়েছেন যুধবীর আহলাওয়াত। সিনেমাপ্রেমী দর্শকদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেতা।
খবরটি শেয়ার করুন