মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টা ‘মাইনাসে পারফর্ম’ করছেন: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ‘মাইনাসে পারফর্ম’ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি মাইনাস দেব। মানে শূন্যেরও কম। উনি মাইনাসে পারফর্ম করছেন।

দেশে যারা সরকারের চাটুকারিতা করেন, তারা বলেন মব নতুন কিছু নয়। কিন্তু প্রত্যেক দিন মব হওয়া অবশ্যই নতুন কিছু। বছরে দুইটি মব হওয়া আর ৩৬৫ দিনে ৩৮০টি মব হওয়া এক রকম নয়। সুতরাং আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা মাইনাস পাবেন। ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 

শেখ হাসিনার ১৫ বছরের সঙ্গে গত এক বছরের শাসনব্যবস্থার খুব একটা পার্থক্য নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি। বলেন, যারা প্রধান উপদেষ্টাকে নিয়ে কড়াভাবে সমালোচনা করেন, তাদের ভাষায় হয় তিনি নির্লিপ্ত, দেশে কি হচ্ছে, দেশ গোল্লায় যাচ্ছে কি না, সেটা নিয়ে তার কিছু যায় আসে না। অথবা তিনি বিষয়টিকে খুব খেলাচ্ছলে নিয়েছেন। দেশ চালানোটা তো খেলাধুলা না। টাইমপাসের বিষয় না। এটা সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য ওতোপ্রোতভাবে জড়িত।

রুমিন ফারহানা বলেন, উনি (প্রধান উপদেষ্টা) হয়তো দেশের বাইরে চলে যাবেন। উন্নত বিশ্বে উনি সম্মানের সঙ্গে থাকবেন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা বাংলাদেশে জন্মেছেন এবং বাংলাদেশে জীবনটা পার করে এখানেই মারা যাব, তাদের জন্য তো আসলে ওনার কর্মকাণ্ডগুলো খুব স্বস্তিদায়ক নয়।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা দেশের চেয়ে বিদেশ থাকাকেই বেশি আরামদায়ক বা স্বস্তিদায়ক মনে করেন। ঠিক যেমনটি তিনি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়াটা দেশীয় গণমাধ্যমকে দেওয়ার চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক মনে করেন। এটা বলতে দুঃখ লাগে কিন্তু না বলেও পারি না। বাংলাদেশকে কতটা উনি ওন করেন এই প্রশ্নটা থেকে যায়।

তিনি বলেন, অনেক সময় ওনার বিরুদ্ধে অনেক রকম সমালোচনা হয়েছে। মুক্তিযুদ্ধে উনি কী ভূমিকা নিয়েছিলেন বা সেই সময়ে দেশকে কতটুকু সহযোগিতা করেছিলেন, সেগুলো নিয়ে অনেক রকম সমালোচনা মানুষ করেন।

জে.এস/

রুমিন ফারহানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250