ইসলামিক ব্যাংকিং কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ফ্লোরা সিস্টেমস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সম্প্রতি অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী এবং ফ্লোরা সিস্টেমস লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার সুবোধ কুমার ভৌমিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং একটি সমন্বিত ও আধুনিক প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্মে পরিচালিত হবে। এর ফলে গ্রাহকরা পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
নতুন এই প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে রিয়েল-টাইম লেনদেন প্রক্রিয়াকরণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা জোরদার, শরিয়াহসম্মত তহবিল ব্যবস্থাপনা উন্নয়ন, বিনিয়োগ ও আমানত ব্যবস্থাপনায় গতি বৃদ্ধি এবং তথ্য নিরাপত্তা আরও সুসংহত করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য নিরাপদ, সহজ, দক্ষ ও নৈতিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার পাশাপাশি ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
খবরটি শেয়ার করুন