আসন্ন জাতীয় নির্বাচনে নিজের অবস্থান সুদৃঢ় করতে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের নেতাকর্মীরা। প্রতিটি আসনে ধানের শীষের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় শেষ পর্যন্ত কার কপাল খুলবে, সে হিসাব মেলানো যাচ্ছে না সহজে। তবে এবার হয়তো অপেক্ষার পালা শেষের দিকে বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা।
আজ সোমবার (২৭শে অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে মনোনয়নপ্রত্যাশী ১৩ নেতাকে। সবার সঙ্গে সরাসরি কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৪টায় বৈঠক হওয়ার কথা। হয়তো আজই গুলশানে মনোনয়নপ্রত্যাশীদের ভাগ্য পরীক্ষা হয়ে যাবে। জানা যাবে কারা চূড়ান্তভাবে মনোনয়ন পাবেন–এমনই ধারণা দলের একাধিক নেতাকর্মীর।
পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসন থেকে ডাক পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি সাইদুল ইসলাম কিসমত এবং জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এলিজা জামান।
পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠি) আসনে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলম, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আহসান কবির, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আল বিরুনী সৈকত এবং সম্প্রতি বিএনপিতে যোগদানকারী ব্যবসায়ী ও ভাণ্ডারিয়া কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসাইন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ডাক পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন– মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন দুলাল, কেন্দ্রীয় বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) শাহজাহান মিলন, মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর এম মামুন।
সোমবার বিকেল ৪টায় জেলার তিনটি আসনের মনোনয়নপ্রত্যাশী এসব নেতার সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে এসব নেতাকে ফোন করে ও মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, জেলার তিনটি আসনে মনোনয়নপ্রত্যাশী ১৩ জনকে ঢাকায় ডাকা হয়েছে। পিরোজপুর-১ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে আমাকেও ফোন করা হয়েছে। বৈঠকে যোগ দিতে সোমবার সকালেই ঢাকায় রওনা দেব।
জে.এস/