ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে যথাযথ মর্যাদা না দেওয়ায় তিনি জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে যাননি বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বিরোধীদল জুলাইকে ধারণ করে না’ বক্তব্যের জবাবে তিনি বলেছেন, জামায়াতই জুলাইয়ের চেতনা ধারণ করছে, আর বিএনপি সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে সেই চেতনার পরিপন্থী কাজ করছে।
আজ মঙ্গলবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোলাম পরওয়ার। এতে জামায়াতের কয়েক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল সোমবার বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, বিরোধীদল সরকারের মঞ্চে না বসলেও অনুষ্ঠানে এসে জুলাইকে ধারণ করার প্রমাণ দিতে পারতো।
বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারের ফেরার পথ উন্মুক্ত করলে তা জুলাই শহীদ ও একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী।
শফিকুর রহমানের অনুপস্থিতির ব্যাখ্যা দিয়ে গোলাম পরওয়ার বলেন, জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেল আমন্ত্রণপত্র পেয়েছিলেন। কিন্তু বিরোধীদলীয় নেতার পদমর্যাদা অনুযায়ী অনুষ্ঠানে তাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি।
তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা হিসেবে একজন মন্ত্রীর পদমর্যাদা হোল্ড করেন। এই সম্মান এই অনুষ্ঠানে তার প্রাপ্য ছিল। আপনারা আমাদের এই বিরোধীদলের নেতাকে এই অনুষ্ঠানের জন্য তার প্রাপ্য যথাযথ সম্মান দিতে ব্যর্থ হয়েছেন।’
পরওয়ার বলেন, আমন্ত্রণপত্রে শফিকুর রহমানের আসন কোথায় হবে, তিনি বিশেষ অতিথি নাকি অন্য কোনো মর্যাদায় আমন্ত্রিত—তা স্পষ্ট ছিল না। তার অভিযোগ, অনুষ্ঠানে গেলে বিরোধীদলীয় নেতাকে সাধারণ শ্রোতাদের আসনে বসতে হতো।
‘আপনারা কি চান এত বড় একটা বিরোধীদলের নেতা এইভাবে একটা বড় ধরনের সরকারি অনুষ্ঠানে গিয়ে তিনি অপমানিত হবেন?’ প্রশ্ন রাখেন তিনি।
বিরোধীদলকে ছোট করার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে দাবি করে পরওয়ার বলেন, ‘শুধু অনুষ্ঠানে না যাওয়ার বিষয়টি সামনে এনে বিরোধীদলীয় নেতার সমালোচনা করা অন্যায়।’
খবরটি শেয়ার করুন