ছবি: সংগৃহীত
জমি খারিজসংক্রান্ত তথ্য চাইতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন সাংবাদিকেরা। ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালাম তাদের বেঁধে পেটানো ও জেলে পাঠানোর হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিওতে তার হুমকিমূলক বক্তব্য আছে বলে সাংবাদিকদের দাবি।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে সদর পৌর ভূমি অফিসে যান। সেখানে নায়েব আবুল কালামকে চায়ের আড্ডায় ব্যস্ত দেখতে পান তিনি।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর বেলা ৩টার দিকে নায়েব অফিস থেকে বের হয়ে চলে যাওয়ার সময় অনিক খান তাকে ডেকে প্রয়োজনীয় তথ্য জানতে চান। এ সময় আবুল কালাম ক্ষুব্ধ হয়ে ওঠেন।
অভিযোগ অনুযায়ী, আবুল কালাম অফিসের কর্মচারীদের ডেকে অনিক খানকে ভেতরে রেখে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। তার সঙ্গে থাকা নাগরিক টেলিভিশনের মাল্টিমিডিয়া প্রতিবেদক ফরহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিবেদক আলাদিন সানি ও সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত প্রতিবাদ করলে তাদের উদ্দেশে তিনি বলেন, ‘মাস্তানি করতে আইছস।’
সাংবাদিকদের বেঁধে পেটানো ও একেবারে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকিও দেন নায়েব। জমির খারিজের তথ্য জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘এখানে কোনো মার্ডার হয়নি, কিসের তথ্য দেব? এখানে কি কোনো মার্ডার হয়েছে? তথ্য চাইলে ডিসি অফিসে আবেদন করে আসবেন।’
অনিক খান জানান, নতুন জরিপের কাজে তার বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য প্রয়োজন। সাধারণ ভূমিসেবা ও জমির তথ্য পেতেও যদি তথ্য অধিকার আইনে আবেদন করতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সহজে সরকারি সেবা পাবেন।
এর আগেও একই নায়েবের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে বলে দাবি করা হয়েছে।
এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবুল মনসুর অভিযোগ করেন, কয়েক দিন আগে আহমেদ ঘুষের লেনদেনসংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।
প্রতিকার চাইতে সাংবাদিকেরা ময়মনসিংহ সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার মো. জাকারিয়া হোসেনের কার্যালয়ে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি অভিযুক্ত নায়েবকে সঙ্গে নিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে সেখান থেকে চলে যান।
সাংবাদিকদের হেনস্তার বিষয়ে জাকারিয়া হোসেন বলেন, ‘শুনেছি বহিরাগতদের সঙ্গে নায়েবের কথা-কাটাকাটি হয়েছে। সেখানে সাংবাদিক ছিলেন কি না, তা আমার জানা নেই।’
সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে জাকারিয়া বলেন, ‘বিষয়টি আপনারা নিজেরাই মীমাংসা করে ফেলেন। এখানে আমাকে অযথা জড়াবেন না।’
অভিযোগের বিষয়ে আবুল কালাম বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়েছে। প্রথমে তাদের চিনতে পারিনি।’
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভিডিওতে থাকা বক্তব্য যাচাই ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।
খবরটি শেয়ার করুন