বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার *** নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি এখন সর্বগ্রাসী। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী বা রাষ্ট্রপতি নন, গ্রামপর্যায়ের একজন রাজনৈতিক কর্মীও চাইলে অনেক মানুষের উপকার করতে পারেন, আবার ক্ষতিও করতে পারেন। তাই রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।

একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে এবং অস্থিতিশীলতা তৈরি হবে বলেও সতর্ক করেছেন স্পিকার।

আজ বৃহস্পতিবার রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন স্পিকার। আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের রাজনীতিবিদদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা চাইলে মানুষের পাশে দাঁড়াতে পারেন। আবার নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতিও করতে পারেন। তাই রাজনীতির ইতিবাচক পরিবর্তন জরুরি। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।

রাজনীতিবিদদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে স্পিকার বলেন, সুবিধাবঞ্চিত মানুষের প্রতি রাজনীতিবিদদের আগ্রহ ও দায়বদ্ধতা সব সময় দেখা যায় না। নির্বাচনের সময় এসব মানুষের গুরুত্ব বাড়লেও অন্য সময় সাধারণ মানুষের খোঁজ নেওয়ার প্রবণতা কম। নির্বাচিত হওয়ার পর অনেকেই নিজের সুযোগ-সুবিধা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অথচ দেশের বিপুলসংখ্যক মানুষ এখনো নানা দিক থেকে বঞ্চিত। রাজনীতিবিদদের এই প্রবণতা থেকে বেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে, অস্থিতিশীলতা তৈরি হবে। জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই নির্বাচনে কারচুপি করাও কঠিন হয়ে পড়েছে।

অতীতের নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এর আগের একটি নির্বাচনে (২০১৪) ভোট গ্রহণের আগেই ১৫৩ জন নির্বাচিত হয়েছিলেন। এসব অভিজ্ঞতা গণতন্ত্রের জন্য ভয়াবহ ছিল। তবে বর্তমান সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে।

নির্বাচনে অর্থের প্রভাব কমানোর ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, এ জন্য নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশের ক্ষেত্রে বাধার কথাও তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, অনেক সংসদ সদস্য মনের কথা বলতে পারেন না। তারা ভাবেন, কথা বললে দলের নেতা রাগ করবেন কি না, স্থানীয় প্রভাবশালীরা কী মনে করবেন কিংবা ভোটের ওপর কোনো প্রভাব পড়বে কি না। এসব চিন্তায় তারা সংকুচিত থাকেন।

নারীদের জন্য সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বাড়ানোর পক্ষে মত দেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এখন অনেক যোগ্য নারী রাজনীতিবিদ রয়েছেন। তারা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদেরও পরাজিত করতে সক্ষম। তাই সংরক্ষিত আসনের ব্যবস্থা ধীরে ধীরে তুলে দেওয়া উচিত।

রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন স্পিকার।

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে গঠিত সংসদীয় ককাসের ভূমিকা নিয়ে স্পিকার বলেন, দেশের অন্যতম বড় সমস্যা দুর্নীতি। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই ককাসকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতির অভিযোগ উঠলে দল বা পদ বিবেচনা না করে তা প্রকাশ করতে হবে।

তিনি বলেন, ককাসের সদস্যদের শুধু সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা চিহ্নিত করলেই হবে না, সুষ্ঠু নির্বাচন ও তাদের রাজনৈতিক অংশগ্রহণের পরিবেশ তৈরিতেও কাজ করতে হবে। অনুষ্ঠানে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এই বিপুল জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

স্পিকার বলেন, প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় একটি ককাস গঠন করা হয়েছে। এটি আশাব্যঞ্জক উদ্যোগ। ককাসের সদস্যরা আন্তরিকভাবে কাজ করলে সমাজে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো তিনি আলাদাভাবে জানেন। কিন্তু একসঙ্গে এতগুলো সমস্যা তুলে ধরার সুযোগ আগে হয়নি। এ আয়োজনের মাধ্যমে সমস্যাগুলো নতুনভাবে বোঝার সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি দেবপ্রিয় ভট্টাচার্যকে ধন্যবাদ জানান।

চিফ হুইপ বলেন, দেশের পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নিতে সরকার কাজ করতে চায়। কৃষক, শ্রমজীবী মানুষ ও নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তা, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।

দেশের সব মানুষকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার ওপর গুরুত্ব দিয়ে নূরুল ইসলাম মনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সবাইকে এক কাতারে আনতে না পারলে সামগ্রিকভাবে ভালো থাকা সম্ভব নয়।

সমাজের চিন্তা ও আচরণেও পরিবর্তন আনার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকাই সমস্যা নয়, চিন্তা-চেতনা ও মানসিকতার দিক থেকেও অনেক পিছিয়ে আছি। অন্যকে ঠকিয়ে নিজে জেতার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরিশ্রম ও দক্ষতার প্রতি সম্মান তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ মানুষ গড়ে তুলতে হবে।

ককাসের সদস্যদের উদ্দেশে চিফ হুইপ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে এলে সরকার তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে।

হাফিজ উদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250