ফাইল ছবি (সংগৃহীত)
ফিরোজ গান্ধীর অনেক দোষ ছিল, অনেক ত্রুটি ছিল। তবু ইন্দিরা গান্ধী তাকে ভালোবাসতেন। তার দোষত্রুটিসহই স্বামীকে পছন্দ করতেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী। এমনকি তাদের দাম্পত্য সম্পর্ক যখন ভাঙনের মুখে, তখনো ফিরোজের প্রতি ভালোবাসা অটুট ছিল ইন্দিরার। স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় পরবর্তী সময়ে অনুতাপও করেছিলেন তিনি।
ইন্দিরা গান্ধী ও ফিরোজ গান্ধীর দাম্পত্য জীবনের এমন ব্যক্তিগত, জটিল ও আবেগঘন অধ্যায় সামনে এনেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ শ্বশুর–শাশুড়ির সম্পর্ক নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি। ফিরোজ গান্ধীকে সরাসরি দেখার সুযোগ হয়নি সোনিয়ার। তবে ইন্দিরার সঙ্গে কথোপকথন, তার লেখা চিঠি এবং পরিবারের স্মৃতি থেকে তাদের সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন।
গত ১০ নভেম্বর প্রকাশিত বইটি সোনিয়া গান্ধীর ব্যক্তিগত জীবন, প্রেম, শোক ও রাজনৈতিক অভিজ্ঞতার বিবরণ। বইটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস আজ বৃহস্পতিবার, ১২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে ইন্দিরা ও ফিরোজের দাম্পত্য সম্পর্কের এই অধ্যায়কে বিশেষভাবে তুলে ধরেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়ার বইয়ে উঠে এসেছে তাদের সম্পর্কের টানাপোড়েন, আলাদা থাকার চিন্তা এবং শেষ পর্যন্ত অটুট থেকে যাওয়া ভালোবাসার কথা।
বইয়ের বর্ণনা অনুযায়ী, ফিরোজের বিষয়ে এক বন্ধুর কাছ থেকে গুজব শোনার পর ইন্দিরা তাকে নিয়ে নিজের অনুভূতির কথা লিখেছিলেন। চিঠিতে তিনি বলেছিলেন, ফিরোজের অনেক দোষ ও ত্রুটি আছে। কিন্তু তাতে তার অনুভূতির কোনো পরিবর্তন হয় না। দোষত্রুটি থাকা সত্ত্বেও, এমনকি দোষত্রুটির কারণেই, তিনি ফিরোজকে পছন্দ করেন।
১৯৪২ সালে তাদের বিয়ে হয়। এর পাঁচ বছর পর ভারত স্বাধীন হলে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রীর কাজে ইন্দিরার সহায়তা প্রয়োজন ছিল। বাবার পাশে থেকে বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে ইন্দিরাকে ক্রমেই বেশি সময় দিতে হতো সরকারি কাজে। প্রথম দিকে ফিরোজ এই পরিস্থিতি মেনে নিলেও পরে অসন্তুষ্ট হয়ে ওঠেন। ইন্দিরার পক্ষে বাবার কাজ এবং সংসার—দুই দিক সামলানো কঠিন হয়ে পড়ে। এর মধ্যে তাদের দুই ছেলে রাজীব ও সঞ্জয়ের জন্ম হয়।
দাম্পত্য দূরত্বের আরেকটি কারণ ছিল ইন্দিরার সরকারি দায়িত্ব। প্রধানমন্ত্রী নেহরুর আনুষ্ঠানিক আতিথেয়তাকারী হিসেবে তাকে দেশ-বিদেশে সরকারি সফরে যেতে হতো। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাবার পাশে বসতে হতো তাকে। অন্যদিকে ফিরোজের সংসদীয় ও রাজনৈতিক কাজের কারণে সব সফরে স্ত্রীর সঙ্গে থাকা সম্ভব ছিল না।
ইন্দিরার ঘনিষ্ঠ সহযোগী অ্যামি আন্টির কাছ থেকে সোনিয়া জানতে পারেন, আনুষ্ঠানিক নৈশভোজে নিয়ম অনুযায়ী ইন্দিরাকে নেহরুর পাশে বসানো হতো। ফিরোজের আসন থাকত লম্বা টেবিলের অন্য প্রান্তে। এ নিয়ে অতিথিরা কখনো ঠাট্টা করতেন, বিদ্রূপ করতেন। ফিরোজ এতে অপমানিত ও কষ্ট পেতেন। সোনিয়ার ধারণা, এসব ঘটনা তাদের মধ্যে বিচ্ছিন্নতার অনুভূতি বাড়িয়ে দিয়েছিল।
১৯৫০ সালে ফিরোজ প্রাদেশিক আইনসভার সদস্য হন। ১৯৫২ সালে উত্তর প্রদেশের রায়বেরিলি থেকে লোকসভায় নির্বাচিত হন। ১৯৫৭ সালেও একই আসন থেকে পুনর্নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হিসেবে প্রাপ্য সরকারি বাসভবনে ওঠার পর ফিরোজের জীবনযাপনে আরও স্বতন্ত্রতা আসে। সোনিয়া তাকে আকর্ষণীয় ও আমুদে মানুষ হিসেবে বর্ণনা করেছেন। বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং নারীসঙ্গ উপভোগ করতেন ফিরোজ।
বিয়ের কয়েক বছর পর ইন্দিরা ফিরোজকে লেখা এক চিঠিতে জানিয়েছিলেন, তিনি কার সঙ্গে বাইরে যাচ্ছেন বা কী করছেন, তা নিয়ে তার আপত্তি নেই। তবে এসব বিষয়ে ফিরোজ যেন তাকে আগে থেকেই জানান, অন্যের কাছ থেকে অতিরঞ্জিত গল্প শোনার আগেই।
কিন্তু ফিরোজ অন্য এক নারীর সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়লে ইন্দিরা মানসিকভাবে আঘাত পান। এ নিয়ে একদিন তাদের তীব্র ঝগড়া হয়। এমনকি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথাও ভাবেন দুজন। ইন্দিরা চাইছিলেন, ফিরোজ এমন কারও সঙ্গে বিষয়টি আলোচনা করুন, যাকে তিনি বিশ্বাস করেন। ফিরোজ নেহরুর সঙ্গে কথা বলার জন্য সময় চান। তাদের মধ্যে আলোচনা হয়। নেহরু ফিরোজকে বোঝান। কয়েক মাস পর বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন ফিরোজ।
১৯৫৮ সালে ফিরোজ হৃদ্রোগে আক্রান্ত হলে তাদের সম্পর্কের পুরোনো ক্ষত কিছুটা সারতে শুরু করে। ইন্দিরা তখন নেহরুর সঙ্গে ভুটানে ছিলেন। স্বামীর অসুস্থতার খবর পেয়ে দিল্লি ফিরে তার শুশ্রূষার দায়িত্ব নেন। ফিরোজ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালে পাশে থাকেন। পরের বছর ইন্দিরার কিডনিতে অস্ত্রোপচারের সময় ফিরোজও তার পাশে ছিলেন। পুরোনো বিবাদ ও মতপার্থক্য ধীরে ধীরে কমে আসে। ১৯৬০ সালে দুই সন্তানকে নিয়ে তারা কাশ্মীরে ছুটি কাটান।
তবে ওই বছরেরই কয়েক মাস পর ফিরোজ আবার হৃদ্রোগে আক্রান্ত হন। ইন্দিরা তখন কেরালায়। খবর পেয়ে দিল্লি ফিরে হাসপাতালে যান। কিছুক্ষণের জন্য ফিরোজের জ্ঞান ফিরেছিল। এরপর প্রবল কাশি শুরু হয়। স্বামীর মাথা সামান্য উঁচু করে ধরেছিলেন ইন্দিরা। সেখানেই ফিরোজের মৃত্যু হয়। বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর।
রাজীব গান্ধী বাবার সঙ্গে কাটানো সময়ের স্মৃতি আনন্দের সঙ্গে মনে করতেন। বাবার বাড়িতে যাওয়ার কথাও বলতেন। সেখানে এক নারীকে প্রায়ই দেখতেন রাজীব। তবে তার নাম কখনো উল্লেখ করেননি।
ইন্দিরার মৃত্যুর পর তার চিঠিপত্র পড়তে গিয়ে সোনিয়ার কাছে সম্পর্কের গভীরতা আরও স্পষ্ট হয়। তিনি লিখেছেন, তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়েছে, কিছু সময়ের জন্য দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু যে বন্ধন তাদের একসঙ্গে রেখেছিল, তা কখনো ছিন্ন হয়নি। ইন্দিরা একবার সোনিয়াকে বলেছিলেন, ফিরোজ ছাড়া অন্য কাউকে তিনি বিয়ে করতে পারতেন না। ফিরোজই ছিলেন একমাত্র পুরুষ, যাকে তিনি ভালোবেসেছিলেন।
ইন্দিরার মৃত্যুর পর তার কাগজপত্রের মধ্যে একটি অসমাপ্ত চিঠিও খুঁজে পেয়েছিলেন সোনিয়া। তাতে ইন্দিরা লিখেছিলেন, সোনিয়ার মধ্যে তিনি নিজের কিছু প্রতিচ্ছবি দেখতে পান। আর রাজীবের মধ্যে দেখতে পান তার স্বামী ফিরোজের অনেক বৈশিষ্ট্য।
দাম্পত্য বিচ্ছেদের কথা ভাবা এক নারীর সঙ্গে কথা বলার সময় ইন্দিরা সোনিয়াকে পরামর্শ দিয়েছিলেন, প্রবল রাগ বা ক্ষোভের মুহূর্তে যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। ফিরোজের সঙ্গে দূরত্ব নিয়ে নিজের অনুতাপের কথাও জানিয়েছিলেন তিনি।
সোনিয়ার উপলব্ধি, ফিরোজের সঙ্গেই ইন্দিরার একমাত্র নিঃশর্ত ঘনিষ্ঠতা ছিল। দাম্পত্য সম্পর্ক ভেঙে পড়ার মুখেও স্বামীকে ভালোবাসায় ভরা চিঠি লিখতেন তিনি। তাদের সম্পর্কের উত্থান-পতন ছিল, কিন্তু ভালোবাসার বন্ধন শেষ পর্যন্ত অটুট ছিল।
খবরটি শেয়ার করুন