বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার *** নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

তারকাচিহ্নিত প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, 'আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে? আধঘণ্টা অপেক্ষা করায় অসুবিধা কী?' আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনের কার্যসূচির শুরুতেই এ ঘটনা ঘটে।

স্পিকার হাফিজ উদ্দিন তারকাচিহ্নিত প্রশ্ন দিয়ে অধিবেশনের আলোচনা শুরুর সময় নাহিদ ইসলাম দাঁড়ালে স্পিকার জিজ্ঞাসা করেন, এটা পয়েন্ট অব অর্ডার কি না? স্পিকার বলেন, 'সংসদের কোনো কার্যক্রম বিঘ্নিত হচ্ছে? সেজন্য আপনি দাঁড়িয়েছেন?' এ সময় কিছুক্ষণ চুপ থাকেন স্পিকার। পরে তিনি চিফ হুইপ নাহিদকে মাইক দিতে বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাঁড়িয়ে দলের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে ‘অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার’ বিষয়টি উত্থাপন করেন।

এ সময় স্পিকার বলেন, 'এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা আলোচনা করব। আগে প্রশ্নোত্তর পর্ব শেষ হতে দিন, তারপর আপনি কথা বলতে পারবেন।' জবাবে নাহিদ ইসলাম বলেন, 'প্রশ্নোত্তর পর্ব দিয়ে আমি কী করব?'

স্পিকার তখন পাল্টা প্রশ্ন করে বলেন, 'এই আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে? আধঘণ্টা অপেক্ষা করায় অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আছি।' স্পিকার আরও বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে নাই যিনি জবাব দেবেন।'

তখন নাহিদ ইসলাম বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন আমরা জানি। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তার জবাব আশা করি না।' স্পিকার তাকে বলার অনুমতি দিলে নাহিদ ইসলাম আবারও বলেন, 'আমরা সরকারের কাছে কোনো জবাব আশা করি না।'

'আপনি অন্তত আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকব না,' বলেন বিরোধীদলীয় চিফ হুইপ। স্পিকার তখন নাহিদকে জানান যে তার মাইক অন আছে, তিনি কথা বলতে পারেন। কয়েক মিনিট ধরে এমন 'বাকযুদ্ধের' পর নাহিদ তার বক্তব্য শুরু করেন।

বক্তব্যে তিনি বলেন, 'গতকাল রাতে আমাদের সংরক্ষিত মহিলা আসনের এনসিপি মনোনীত সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে রাত আনুমানিক ১২টার দিকে অগ্নিসংযোগ ঘটানো হয়, পেট্রোল বোমা মেরে আগুন লাগানো হয়। ওই বাসায় গবাদি পশু ছিল যেগুলো মারা যায়।'

এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের 'গাফিলতির' অভিযোগ তুলে নাহিদ বলেন, 'সেখানে কোনো ফরেনসিক টিম যায়নি। ইনভেস্টিগেশন ছাড়াই ওসি বলছেন পেট্রোল বোমা মারা হয়নি। থানার ওসি কীভাবে এ ধরনের কমেন্ট করতে পারে।'

সারাদেশে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণের ঘটনার উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটা আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। এখন সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না?'

বক্তব্যের মধ্যে কয়েকবার তাকে 'ধন্যবাদ' জানিয়ে বক্তব্য শেষ করার দিকে ইঙ্গিত করেন স্পিকার হাফিজ উদ্দিন। এর মধ্যেই নাহিদ ইসলাম তার বক্তব্য চালিয়ে যান। তিনি বলেন, 'শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের যদি বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের পথ দেখতে হবে। আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু তারা হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে তাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা।'

'আওয়ামী লীগের বিষয়ে ফ্যাসিস্ট শক্তির বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি, এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি,' বলেন নাহিদ ইসলাম।

বক্তব্য শেষ করে নাহিদ ইসলাম বসার পর ধন্যবাদ দিয়ে স্পিকার বলেন, 'একটু আগেই আপনি বলেছিলেন জবাব আশা করেন না। এখন তো মনে হলো আশা করেন।'

তবে নাহিদ ইসলামের বক্তব্য আমলে নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, 'বিরোধী দলের চিফ হুইপ যে প্রশ্নটি তুলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ গুরুতর ঘটনা। আমি ট্রেজারি বেঞ্চকে ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।'

নাহিদ ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250