ছবি: সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া
চট্টগ্রামের একটি হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের দাবি, সদ্য জন্ম নেওয়া সন্তানের মুখ দেখার ১৫-২০ মিনিট পর ওষুধ কিনতে গেলে ডিবি পরিচয়ে তাকে হাসপাতাল থেকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মো. হাসান চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান আজ রাতে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, হাসপাতাল থেকে হাসানকে ধরা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
হাসানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তার স্ত্রী সন্তান প্রসবের জন্য পার্কভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তাদের সন্তান জন্ম নেয়। সন্তানকে দেখার ১৫ থেকে ২০ মিনিট পর ওষুধ কিনতে নিচে গেলে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন লোক হাসানকে হাসপাতালের ভেতর থেকে টেনেহিঁচড়ে নিয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে পার্কভিউ হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হাসপাতাল থেকে ডিবি পরিচয়ে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ১০টা ৩৫ মিনিটে সাদা পোশাকে থাকা তিনজন ব্যক্তি হাসানকে টেনেহিঁচড়ে হাসপাতালের বাইরে নিয়ে আসেন। তাদের পেছনে পেছনে আরও ৮ থেকে ১০ জন লোক ছিলেন। এ সময় ওই ছাত্রলীগ নেতা পেছনে বারবার ফিরে তাকানোর চেষ্টা করছিলেন।
খবরটি শেয়ার করুন