জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আইনি ভিত্তি দিতে পৃথক একটি অধ্যাদেশের কাজ চলছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে। এ বিষয়ে সরকার দ্রুতই অধ্যাদেশ করতে যাচ্ছে। আগামী তিন-চার কার্যদিবসের মধ্যে এটি (অধ্যাদেশ) হয়ে যাবে।
গতকাল বৃহস্পতিবার (২০শে নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আসিফ নজরুল।
এর আগে বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, রেফারেন্ডাম (গণভোট) পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি। কীভাবে গণভোট হবে, সেই আইনটা আগে হওয়া দরকার। আইন হলে তখন আমাদের একটা দায়বদ্ধতা আসবে।
সিইসি বলেন, অধ্যাদেশটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এ বিষয়ে বক্তব্য দেওয়ার। তিনি বলেন, আমি আর খোলাসা করে বলতে চাই না। এগুলোর হিটওয়েব আমি ফিল করি এখানে বসে। রাজনৈতিক বাস্তবতার হিটওয়েবটা আমাকে ফিল করতে হয়। কারণ, এটা খুব মসৃণ বাস্তবতা নয়। সামাজিক বাস্তবতাও সেরকম। এগুলো বিবেচনায় নিয়েই আমাদের এগোতে হচ্ছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন