সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

সান্তোসের অবনমন ঠেকিয়ে চিকিৎসকের ছুরির নিচে যাচ্ছেন নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্রুজেইরোর বিপক্ষে ৩–০ গোলের জয়ে ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমন ঠেকিয়েছে নেইমারের সান্তোস। এর আগে ২০২৩ সালে ইতিহাসে প্রথমবারের মতো অবনমিত হয়েছিল সান্তোস। এবারও একই ঘটনার পুনরাবৃত্তির শঙ্কায় পড়েছিল সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের স্মৃতিবিজড়িত ক্লাবটি। কিন্তু শেষ দিকে নেইমারের দৃঢ়তায় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে ক্লাবটি।

দলের অবনমন ঠেকানো নিশ্চিত করতে শেষ তিন ম্যাচে চোট নিয়েই খেলার সিদ্ধান্ত নেন নেইমার। তিনটি ম্যাচেই সান্তোস জিতেছে ৩–০ ব্যবধানে। এর মধ্যে প্রথম ম্যাচে নেইমার এক গোল নিজে করেন এবং অন্যটিতে করেন সহায়তা। দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন।

রোববার (৭ই ডিসেম্বর) রাতে শেষ ম্যাচে গোল না পেলেও পুরো ৯০ মিনিট খেলে দারুণ পারফর্ম করেছেন এই ফরোয়ার্ড, যা শেষ পর্যন্ত বড় জয় এনে দিয়েছে সান্তোসকে এবং দলের শীর্ষ লিগে থাকাও নিশ্চিত করে। ক্রুজেইরোর বিপক্ষে জয়ের পর ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে থেকে লিগ শেষ করল সান্তোস।

জয়ের পর ৩৩ বছর বয়সী নেইমার তার বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করানোর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সময় চোটে পড়েন নেইমার। এরপর ব্রাজিলের জার্সিতে আর খেলতে পারেননি। সেই চোট এখনো নানাভাবে ভোগাচ্ছে নেইমারকে।

চোটে আক্রান্ত নেইমার গত জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান। এই ক্লাবেও চোট অনেক ভুগিয়েছে তাকে। এরপরও অবশ্য যখনই সুযোগ পেয়েছেন ক্লাবকে সাহায্য করেছেন।

এমনকি শেষ পর্যন্ত দলের অবনমন ঠেকানোর ক্ষেত্রেও তার ভূমিকা অনবদ্য। ৩৮ ম্যাচের লিগে নেইমার খেলেছেন ২০ ম্যাচ, যেখানে তিনি করেছেন ৮ গোল। শেষ তিন ম্যাচেই নেইমার করেছেন ৪ গোল।

ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘যতটা সম্ভব সেরাভাবে দলকে সাহায্য করার জন্য আমি এখানে এসেছি। এই কয়েকটা সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। যারা আমার পাশে থেকে আমাকে শক্তি দিয়েছে, তাদের ধন্যবাদ। তারা না থাকলে এই চোট ও হাঁটুর সমস্যার কারণে আমি এই ম্যাচগুলো খেলতে পারতাম না। এখন আমাকে বিশ্রাম নিতে হবে, তারপর আমরা হাঁটুর অস্ত্রোপচার করব।’

নেইমার অবশ্য নিজের হাঁটুর চোট এবং অস্ত্রোপচার নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি এখনো আশা করছেন যে ২০২৬ সালের বিশ্বকাপের চূড়ান্ত ব্রাজিল দলে তাকে রাখা হতে পারে।

কোচ কার্লো আনচেলোত্তি গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো নেইমারকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করেননি। পাশাপাশি পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত নেইমারকে দলে না ডাকার বার্তাও দিয়ে রেখেছেন তিনি। এখন অস্ত্রোপচারের ধাক্কা সামলে বিশ্বকাপের আগে নেইমার পুরোপুরি ফিট হতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।

জে.এস/

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250