মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর নির্দেশের তথ্য গোপন রেখে ইশরাক কেন ‘স্বেচ্ছায় অব্যাহতি’র দাবি করলেন, নেপথ্যে কী *** ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য হতাশার: হুমায়ুন কবির *** চুয়েটের অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করল ইউজিসি *** হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: আরাঘচি *** পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড *** দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে *** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

রুয়ান্ডার সরকারবিরোধী সমালোচকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার উগান্ডায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৬

#

ছবি: বিবিসি

রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের কড়া সমালোচক ও দেশটির সাবেক সেনাসদস্য রবার্ট কাবেরার শিরশ্ছেদ করা মরদেহ প্রতিবেশী উগান্ডায় উদ্ধার করা হয়েছে। ৫০ বছর বয়সী কাবেরা একসময় রুয়ান্ডার সেনাবাহিনীতে সার্জেন্ট মেজর পদে দায়িত্ব পালন করেন। পরে সরকারের সমালোচক হিসেবে পরিচিতি লাভ করেন। তার হত্যাকাণ্ডে প্রবাসে থাকা রুয়ান্ডার ভিন্নমতাবলম্বীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

উগান্ডার পুলিশ মুখপাত্র কিতুমা রুসোকে জানান, রাজধানী কাম্পালার উপকণ্ঠে স্থানীয় বাসিন্দারা কাবেরার মরদেহ দেখতে পান। তবে তার কাটা মাথাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

নিজ দেশ রুয়ান্ডায় যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর কাবেরা পালিয়ে উগান্ডায় আশ্রয় নেন। যৌন নিপীড়নের অভিযোগটি অস্বীকার করে এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করেছিলেন তিনি।

কাবেরার পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে তিনি কাম্পালা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে একটি নির্মাণস্থল পরিদর্শনে গিয়েছিলেন। তার স্ত্রী জিন দার্ক রুইগেমা উউইজিয়ে লিখিত বার্তায় জানান, স্বামীকে হারিয়ে তিনি এখন নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত। তিনি বলেন, ‘এটা ভীতিকর। আমি দিশেহারা বোধ করছি। আমার ও সন্তানদের কোনো নিরাপত্তা নেই।’

বিবিসি জানিয়েছে, সংগীতশিল্পী ও ইউটিউবার হিসেবেও কাবেরার পরিচিতি ছিল। ইউটিউবে তার ১ লাখ ৪৪ হাজারের বেশি সাবস্ক্রাইবার এবং ৮০০ টিরও বেশি ভিডিও ছিল। এসব ভিডিওর অনেকগুলোতেই কাগামে ও তার প্রশাসনের সমালোচনা করা হতো।

কাবেরার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিরোধী দল রুয়ান্ডা ন্যাশনাল কংগ্রেস (আরএনসি) পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সংগঠনটি প্রশ্ন তুলেছে, নির্বাসিত রুয়ান্ডানরা কোথায় নিরাপদ থাকতে পারবেন?

এর আগে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হোটেলকক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় রুয়ান্ডার সাবেক গোয়েন্দাপ্রধান প্যাট্রিক কারেগেয়াকে। তিনি আরএনসি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন এবং কাগামের সঙ্গে বিরোধের পর ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান।

কারেগেয়ার মৃত্যুর পর কাগামে সরকারবিরোধীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দেন। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই রুয়ান্ডানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

এবার সংঘটিত কাবেরার হত্যাকাণ্ড নিয়ে রুয়ান্ডা সরকার এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

রুয়ান্ডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250