শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

৭ বছর পর ডাকসুর জিএস হলেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তন এসেছে। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে বিজয়ী ঘোষণা করা হয়েছিল তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে। তবে পরবর্তী সময়ে তার এমফিলের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন ওঠে। বিশ্ববিদ্যালয়ের তদন্তে তার ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হওয়ার পর ২০২৫ সালের ২৬ নভেম্বর একাডেমিক কাউন্সিল তার এমফিলের ছাত্রত্ব বাতিল করে। একই সঙ্গে ডাকসুর জিএস পদে তার অবস্থানও অবৈধ ঘোষণা করা হয়।

এর ধারাবাহিকতায় সিন্ডিকেটের সভায় ২০১৯ সালের নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খাঁনকে ওই পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

২০১৯ সালের ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জিএস পদে গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট।

সিন্ডিকেটের সিদ্ধান্তে ডাকসুর জিএস হিসেবে ঘোষণা হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে তাৎক্ষণিক শুভেচ্ছা বিনিময় করেছেন রাশেদ খাঁন। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দুই উপ-উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

ডাকসুর জিএস হিসেবে ঘোষিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন রাশেদ খাঁন। সেখানে তিনি পরপর তিনবার ‘আলহামদুলিল্লাহ’ লিখে এ সিদ্ধান্তের কথা জানান।

রাশেদ খাঁন বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়।

রাশেদ খাঁন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250